নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:গেল কয়েকদিন ধরে তীব্র গরমের সাথে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠেছে উপকূলীয় উপজেলা শরণখোলাবাসীর জীবন। সারা দিনে মাত্র কয়েকঘন্ট বিদ্যুৎ থাকছে উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে তাফালবাড়ি, সোনাতলা, শরণখোলা, খুড়িয়াখালী, খোন্তাকাটা, বগী, চালিতাবুনিয়াসহ উপজেলার প্রত্যন্ত গ্রামে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৫-৬ ঘন্টা বিদ্যুৎ থাকছে। বাকি সময়, প্রচন্ড গরমে হাসপাস করছে এলাকার বাসিন্দারা। সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলাবাসীর জনজীবন। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং হচ্ছে।
এদিকে এই উপজেলায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগও রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের দাবি, রায়েন্দা উপজেলা সদরে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকলেও, গ্রামে বিদ্যুৎ সরবরাহ করছেন না দায়িত্বপ্রাপ্তরা।
তাফালবাড়ি এলাকার তাহসান সাহাদ নামের এক যুবক বলেন, গরমে তো আমরা অতিষ্ট হয়ে গেলাম। এর পরে রাতের বেশির ভাগ সময় তো বিদ্যুৎ থাকে না। এখন এমন অবস্থা যে বিদ্যুৎ থাকা না থাকা সমান কথা।
চালিতাবুনিয়া এলাকার ফয়সাল বয়াতি বলেন, রাতে অন্তত অন্তত চার-পাচবার বিদ্যুৎ যায়। গতকাল রাত ১১টায় গেছে, আর সকালে আসছে। কিন্তু শুনেছি রায়েন্দা বাজারসহ অফিসিয়াল এলাকায় বিদ্যুতের কোন সমস্যা নেই।
বগি এলাকার রাজ্জাক হোসেন দিপু বলেন, ২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ থাকে। গরমের শিশু-বৃদ্ধরা অসুস্থ্য হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় নির্ঘুম রাত কাটাতে হয় অনেকের।
সোনাতলা গ্রামের হেলাল বলেন, রাত ৩ টার সময় কারেন্ট গেছে সকাল ৮টায়ও আসেনি। আর কখন আসবে কে জানে। ইচ্ছেমত বিদ্যুৎ দেয় আবার নেয়। শুনেছি উপজেলা সদরে নাকি বেশি থাকে বিদ্যুৎ।
শরণখোলা উপজেলার খারুইখালী গ্রামের রুহুল আমিন বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড গরম। নদী খালের পানিও গরম হয়ে গেছে। কোথাও একটু ঠান্ডা নেই। এর সাথে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকেনা। কিযে কষ্টকর একটা ব্যাপার বুঝানো যাবে না।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় শুধু যে মানুষের কষ্ট হচ্ছে তা নয় ব্যবসা বানিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
উপজেলা সদরের রায়েন্দা এলাকার বরফ কল ব্যবসায়ী মোস্তফা তালুকদার বলেন, একেতো গরমে শেষ হইলাম। এরপরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় ব্যবসার অবস্থা খুব খারাপ। চাহিদা অনুযায়ী উৎপাদন হয় না, আবার যা উৎপাদন করি তার মানও ভাল হয় না। এভাবে চললে ব্যবসা টিকিয়ে রাখতে খুব কষ্ট হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ আশিক মাহমুদ সুমন বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার জন্য ১১ মেগাওর্য়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে আমরা ৪ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাই। যার কারণে কিছুটা লোড শেডিং হয়ে থাকে। এছাড়া রায়েন্দা বাজার ও সদর এলাকায় কম লোড শেডিং এবং প্রত্যন্ত এলাকায় বেশি লোডশেডিংয়ের যে বিষয়টি উঠেছে তা নিয়ে আমরা জরুরীসভা করেছি। এখন সব এলাকায় সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
শুধু শরণখোলা নয়, মোরেলগঞ্জ, কচুয়া, বাগেরহাটসদরসহ জেলার অন্য ৮টি উপজেলা এবং বাগেরহাট শহরে তীব্র লোডশেডিং রয়েছে।
বাগেরহাট পৌরসভায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বাগেরহাট‘র তথ্য অনুযায়ী শহরে ৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যায় মাত্র ৪ মেগাওয়াট বিদ্যুৎ।
পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাটের তথ্য অনুযায়ী, জেলায় পিক আওয়ারে ৯৪ মেগাওয়াট চাহিদা থাকলেও বরাদ্দ থাকছে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট। অপরদিকে অফপিকে ৮০ থেকে ৮২ মেগাওয়াট চাহিদা থাকলেও বরাদ্দ আসছে ৪৫ থেকে ৫০ মেগাওয়াট।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন বলেন, একদিকে প্রচন্ড দাবদাহ অপরদিকে রমজান মাস হওয়াতে স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা বেশ বেড়ে গেছে। এছাড়া চাহিদার সংকুলান না হওয়ায় জাতীয় গ্রিড থেকেও মাঝে মধ্যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে আবহাওয়া কিছুটা শীতল হলে চাহিদা হ্রাস পাবে এবং লোডশেডিং এর মাত্রাও কমে যাবে বলে জানান তিনি।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
প্রচন্ড গরমের সাথে অতিরিক্ত লোড শেডিং, নাকাল শরণখোলাবাসী
-
Md.Liton - আপডেট টাইম : 01:40:39 am, Friday, 21 April 2023
- 105 বার
জনপ্রিয় সংবাদ












