আমার ডেক্স:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তা এ মুহূর্তে বলা যাবে না। কিন্তু নির্বাচন কমিশন, প্রার্থী—সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।আজ বুধবার (২০ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি মতবিনিয়ম সভায় প্রার্থীদের শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান।
সিইসির বিশ্বাস, আসন্ন জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটাররাও ভোটকেন্দ্রে আসবেন ভোট দিতে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন এবং প্রার্থীরা সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’
তিনি জানান, মতবিনিময়ে প্রার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। কীভাবে সেগুলো নিরসন করা যায় সেই গাইডলাইন প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হয়েছে।
সিইসি বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আশ্বাস রাখুন সবার প্রয়াসে নির্বাচন সফল হবে। আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় এবং সুষ্ঠু নির্বাচন দেয়ার চেষ্টা করব।’
এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, কমিশনের সচিব জাহাংগীর আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা সভায় যোগ দেন সিইসি।
Md.Liton 











