নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:”দুর্যোগপ্রবণ মানুষের জন্য মানবিক সেবা আরও জোরদার করতে হবে”—এই প্রত্যয়ে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৩তম বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাট রেড ক্রিসেন্টের সহ-সভাপতি প্রফেসর শেখ মুস্তাহিদুর রহমান রবি’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহাবুবুর রহমান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলী। অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য। অ্যাডভোকেট মাহবুব মোরশেদ লালন, সরকারি কৌঁসুলি। ডা. অসীম কুমার সমাদ্দার, সুপারিনটেনডেন্ট, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল। জয়দেব চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি)।
প্রধান অতিথি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলী তিনি বলেন:”বিশ্বজুড়ে মানবসেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন এক অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটের সময় এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে মানুষের পাশে দাঁড়ান, তা সত্যিই প্রশংসনীয়।”
আলোচনা সভায় বক্তারা উপকূলীয় জেলা বাগেরহাটে দুর্যোগ প্রস্তুতি, উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা এবং ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বিতরণে রেড ক্রিসেন্টের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, ২০০৭ সালের ভয়াবহ সিডর থেকে শুরু করে আইলা, আম্ফান এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল—প্রতিটি সংকটেই লাল-সবুজ পোশাকের এই স্বেচ্ছাসেবকরা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং বিপুল সংখ্যক তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
Md.Liton 











