জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি সরকারকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জনগণ দেশ সংস্কারের পক্ষে ৭৫ পার্সেন্ট ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে সংস্কার বাস্তবায়ন করছে না। আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি এবং তা বাস্তবায়ন করব। বিএনপি সরকার যদি এই ৭৫ পার্সেন্ট মানুষের সঙ্গে বেইমানি করে, তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।”
সরকারের পররাষ্ট্রনীতি ও ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ভারত থেকে যে পুশইনের ষড়যন্ত্র চালানো হচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। ভারতের সঙ্গে রয়েসয়ে কথা বলছে সরকার। তিনি অভিযোগ করেন, সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সার্বভৌমত্বের রাজনীতি থেকে বিচ্যুত হয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন: “মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন। ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবেন না, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। শেখ হাসিনার বিচার করুন ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন।”
বাগেরহাটের স্থানীয় পরিস্থিতি নিয়ে এই তরুণ নেতা বলেন, “বাগেরহাট সুন্দর জায়গা, কিন্তু এর উন্নয়ন খুবই নাজুক অবস্থায় রয়েছে। এখানে শিক্ষা ও চিকিৎসার অবস্থা খুবই খারাপ।”
তিনি আরও বলেন, “বাগেরহাটে একটি শেখ পরিবারের রাজত্ব ছিল। তারা শেখের নাম বিক্রি করেছে কিন্তু উন্নয়নের কোনো ছিটেফোটাও করেনি। বাগেরহাটবাসীকে অভিনন্দন যে আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন।”
বাগেরহাটে এসে নাসির উদ্দীন পাটোয়ারী প্রথমে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি ঘোষণা দেন:এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
এ সফরকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন: এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা আলামিন খান সুমন,স্থানীয় নেতাকর্মী, ছাত্রশক্তি এবং এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাজার জিয়ারত ও মতবিনিময় শেষে তিনি বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের ঘোড়াদীঘির দক্ষিণ পাশে বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে ওই মসজিদে সাধারণ মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।
Md.Liton 











