মোংলা প্রতিনিধি:অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করা বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। চুল বিক্রির খবরটি শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই নারীর পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।
নির্দেশনা অনুযায়ী রবিবার বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী রেহানা খাতুনের কাছে ছুটে যান। রেললাইনের পাশে সরকারি জায়গায় অস্থায়ীভাবে বসবাস করা ওই নারীর হাতে নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি এক মাসের খাদ্যসামগ্রীও দেওয়া হয়। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধি অপু রায়হান ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, ‘সম্প্রতি অভাব-অনটনে পড়ে রামপালের সন্তোষপুর গ্রামের অসহায় নারী রেহানা বেগম মাথার চুল বিক্রি করে দেন। বিষয়টি নজরে আসার পর পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দ্রুত আমাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।’
তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওই নারীকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে তাকে একটি ঘর দেওয়া হবে। তাকে স্বাবলম্বী করে তুলতে যা যা প্রয়োজন, তার সবই করা হবে।’
Md.Liton 











