এবার ঈদে ভারতে বেড়াতে যাবেন নজরুল ইসলাম। তিনি বলেন, দুই মাস আগে কলকাতায় গিয়েছিলাম। তখন যে রুমের ভাড়া ছিল ১২শ টাকা, এখন সেই রুমের ভাড়া ৪ হাজার হয়ে গেছে।
বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, গত দুই বছর ধরে মানুষ বেড়াতে পারেনি। এবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠছে। ফলে সবাই দেশের বাইরে বেড়াতে যেতে আগ্রহী। কিন্তু করোনায় আর্থিক অবস্থা অনেকের আগের মতো নেই। এজন্য অনেকেই কম খরচে আশপাশের দেশে যাবেন। ভারত আমাদের দেশের মানুষের জন্য প্রথম পছন্দ। এখন হাজার হাজার মানুষ ভিসার জন্য প্রতিদিন আবেদন করছেন। সঠিক পরিসংখ্যান নেই, তবে ঈদের ছুটিতে ৫ লাখের বেশি মানুষ ভারতে যেতে পারে।
গোলাম কাদির বলেন, মানুষের চাহিদা থাকায় ইতোমধ্যে বিমান ভাড়া বেড়ে গেছে। ভারতেও অভ্যন্তরীণ পর্যটক আছে, বিভিন্ন দেশের পর্যটকরা যাবেন, যার কারণে সেখানে আগের চেয়ে খরচও বেড়েছে।
ঈদের ছুটিতে ভারতের সিকিম যাবেন রাকিব হোসেন। তিনি বলেন, আমার অনেক দিনের ইচ্ছে কোথাও বেড়াতে যাবো। ভারত কাছের দেশ, খরচও কম। তাই ৪ বন্ধু মিলে সিকিম যাবো ঈদের ছুটিতে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ও রিজিওনাল পরিচালক (পূর্ব) সাগ্নিক চৌধুরী বলেন, ভারতের পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসেন। যেকোনও ছুটিতে বাংলাদেশিরা বেড়াতে আসেন। এবার ঈদের ছুটিতে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা আসবেন। পর্যটকদের নিরাপত্তা ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করছি।
Md.Liton 











