বিনোদন ডেস্ক:প্রথম বিয়ে টেকেনি সারিকার। নাটক ও মডেলিংয়ের জনপ্রিয় এই মুখ পাঁচ বছর পর আবারো বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ক্যালেন্ডার ঘেঁটে শুভদিন দেখেই বিয়েটা করেছিলেন সারিকা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। ভেবেছিলেন, মিলে যাওয়া সংখ্যার মতো জীবনসঙ্গীর সঙ্গে বাকি পথটা মিলেমিশেই চলতে পারবেন। কিন্তু তা আর হচ্ছে কই!
যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তার অভিযোগের প্রেক্ষিতে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সারিকার অভিযোগ, তাদের বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ২০ লাখ টাকা। বিয়ের সময় তার মা-বাবা রাহীকে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ উপহার হিসেবে বাসার আসবাবপত্র দিয়েছেন। পরবর্তীতে ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন শুরু করেন রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলাটি করেন তিনি।
সারিকা গণমাধ্যমকে জানান, রাহী আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক সব দিকেই টর্চার করেছে। সে যেভাবে টর্চার করেছে, তা সহ্য করার মতো নয়। সংসারজীবনে আমি অতিষ্ঠ।’
তিনি আরো বলেন, অনেক কথাই বলার আছে আমার। এখনই সব বলতে পারছি না। একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে, এটা বুঝতে হবে। তবে এটুকু বলব, পারিবারিকভাবে আমি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সে সুযোগ আমাকে দেয়া হয়নি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছি।
প্রসঙ্গত, চলতি বছরের ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিকা-রাহীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর বাগদান সারেন তারা। তবে বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করলেন এ অভিনেত্রী।
Md.Liton 











