আমার ডেক্স:সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক হওয়ার জন্য নির্ধারিত সময়ে একমাত্র দেশ হিসেবে আবেদন করেছিল নেপাল। সে অনুসারে জুনে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা হিমালয়ের দেশ নেপালে। কিন্তু মার্কেটিং কোম্পানির চাহিদার কারণে আয়োজক বদলাতে বাধ্য হলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আজ (মঙ্গলবার) সাফের নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় ২০২৩ সালের জুনে অনুষ্ঠিতব্য সাফ ফুটবলের জন্য স্বাগতিক করা হয়েছে ভারতকে। ভারতে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে কেরালায়।মঙ্গলবার সাফের অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূলত আসন্ন সাফের স্বাগতিক নির্ধারিত হয়।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং প্রতিষ্ঠানের প্রস্তাবনা সভায় ভারতের নাম গৃহীত হয়েছে। ফলে মার্কেটিং কোম্পানির শর্ত মানতে হবে’। মার্কেটিং কোম্পানির শর্ত এ বছর সাফ ভারতে অনুষ্ঠিত হতে হবে। সাফের পৃষ্ঠপোষকতা সভায় গৃহীত হওয়ায় ভারতেই হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর।
সাফের স্বাগতিক হওয়ার জন্য একমাত্র নেপালই আবেদন করেছিল।
মার্কেটিং প্রতিষ্ঠানের শর্তের জন্য নেপাল থেকে ভারতে সরে যাচ্ছে সাফ। এতে খানিকটা আপত্তি তুললেও শেষ পর্যন্ত নেপাল ভারতের ব্যাপারে সম্মত হয়েছে। হেলাল বলেন, ‘নেপালই একমাত্র স্বাগতিক হতে চেয়েছিল। সভাতেও তারা স্বাগতিক হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সামগ্রিক প্রেক্ষাপটে ও দক্ষিণ এশিয়ার ফুটবলের স্বার্থে ভারতকে স্বাগতিক হওয়ার ব্যাপারে স্বাগত জানিয়েছে।’
ভারত প্রথমদিকে স্বাগতিক হতে চায়নি। মার্কেটিং প্রতিষ্ঠানের শর্তে ভারত স্বাগতিক হবে। তাই সাফের কাছে কয়েক সপ্তাহ সময় চেয়েছে সর্বাধিকবারের চ্যাম্পিয়ন দেশটি। জানা গেছে, ১০ই মার্চের মধ্যে ভারত সম্ভাব্য ভেন্যুর নাম দেবে। বিভিন্ন দেশ থেকে দূরত্ব, আবহাওয়া সবকিছু বিবেচনা করেই তারা ভেন্যু ঠিক করবে।
ভারতে টুর্নামেন্ট হলে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা বরাবরই বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আজকের সভায় পাকিস্তানি খেলোয়াড়দের ভিসার ব্যাপারটিও আলোচনা হয়েছে জানিয়ে হেলাল বলেন, ‘মিটিংয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাকিস্তানের খেলোয়াড়, কোচিং স্টাফের ভিসা প্রদানের নিশ্চয়তা দেয়া হয়েছে সাফকে।’
Md.Liton 











