নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:অনিয়ম-দুর্নীতিতে আলোচিত এবং নন এফআইআর মামলার আসামি পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষের বাগেরহাট জেলায় বদলি আদেশ অবশেষে বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মাদ মোহসিন মঙ্গলবার (৪ অক্টোবর) স্বাক্ষরিত নোটিশে তুহিন কান্তি ঘোষকে বাগেরহাটে পদায়ন বদলি বাতিল করে কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্য্যলয়ের সহকারী পরিচালক আকিব উদ্দিনকে বাগেরহাটে ভারপ্রাপ্ত উপ-পরিচালক হিসাবে পদায়ন বদলি করা হয়েছে। ওই আদেশে ৬ অক্টোবরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের এক বদলী আদেশে নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন কান্তি ঘোষকে বাগেরহাটে উপ-পরিচালক হিসাবে বদলি করা হয়। আর বাগেরহাটের উপ-পরিচালক বিকাশ কুমার দাসকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। তুহিন কান্তি ঘোষ এর আগে বাগেরহাটের ফকিরহাটে উপজেলা পঃপঃ কর্মকর্তা থাকাকালীন অনিয়ম দুর্নীতি ও নারী কেলেংকারীতে আলোচিত হয়। প্রায় ১০ বছর এখানে চাকুরি করার পর বিতাড়িত হয়। তার বিরুদ্ধে বাগেরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান থাকে। এতে করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে অভিযোগকারীরা এবং তার বিরুদ্ধে আদালতে চলমান মামলার স্বাক্ষীরা চরম আতঙ্কে পড়ে।
এ ঘটনা অনলাইনসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পর তুহিন কান্তি ঘোষের বাগেরহাটে বদলি আদেশ বাতিল হয়।
Md.Liton 











