ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই পশ্চিমা দেশগুলোর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে রাশিয়াকে। বিবিসি জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় রাশিয়া তেল বিক্রির নতুন বাজার খুজঁছে। আর তাই রাশিয়া আমদানি বাড়াতে তেলের ওপর দিচ্ছে অনেক ছাড়। অন্যান্য দেশ থেকে তুলনামূলক কম দামে তেল ক্রয় করা যাচ্ছে রাশিয়া থেকে। আর সে সুযোগে সস্তায় তেল ক্রয় করছে ভারত। র্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ ভারত। তাদের আমদানির প্রায় ৮০ শতাংশই অপরিশোধিত তেল। এর মধ্যে রাশিয়া থেকে আসে মাত্র ৩ শতাংশ। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক জানিয়েছে, চলতি বছরে ভারতে তেলের চাহিদা ৮ শতাংশের বেশি বাড়তে পারে। সেজন্য রাশিয়া থেকে কম দামে তেল কিনছে দেশটি। ২০২১ সালে রাশিয়ার কাছ থেকে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল কিনেছিল ভারত। আর তা ছিল ওই বছর ভারতের মোট আমদানি করা তেলের মাত্র ২ শতাংশ।
কেপলারের বিশ্লেষক ম্যাট স্মিথ বলেন, ‘ভারত ঠিক কী পরিমাণে দাম পরিশোধ করছে, সে ব্যাপারে আমরা জানতে পারিনি। তবে গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্ট তেলের তুলনায় রাশিয়ার উরাল তেলে ব্যারেল প্রতি প্রায় ৩০ ডলার ডিসকাউন্ট দেওয়া হয়েছে।’
ভারত মোট তেল চাহিদার ৮০ শতাংশ আমদানি করে। এর মধ্যে রাশিয়া থেকে আসে মাত্র ২ থেকে ৩ শতাংশ। কিন্তু এ বছর এখন পর্যন্ত তেলের দাম ৪০ শতাংশ বেড়ে গেছে। এ অবস্থায় ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণে ভারত সরকারকে খরচ কমানোর দিকে নজর দিতে হবে।