বাগেরহাট প্রতিনিধি:বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত রাখা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুন্দরবন জার্নালিজম ফোরাম’-এর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় সুন্দরবন জার্নালিজম ফোরামের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।
সুন্দরবন রক্ষায় বিশেষ কৌশল উপস্থাপন
সভায় সুন্দরবনের ইকো-সিস্টেম বা পরিবেশ-প্রতিবেশ ঠিক রাখতে এবং একে প্লাস্টিক-পলিথিন মুক্ত রাখার নানাবিধ কৌশল ও উপায় উপস্থাপন করেন স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা খন্দকার জিলানী হোসেন।
গণমাধ্যমকর্মীদের অঙ্গীকার
উক্ত সচেতনতামূলক সভায় বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন পেশাদার গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা সুন্দরবনের পরিবেশগত বিপর্যয় রোধে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা জানান, সুন্দরবনে আসা ভ্রমণপিপাসু পর্যটকদের সচেতন করতে এবং প্লাস্টিক-পলিথিন ব্যবহারের মারাত্মক ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মূলধারার সংবাদ মাধ্যমে নিয়মিত ও গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশ করা হবে।
Md.Liton 











