বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলাকে শান্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। রবিবার (১ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
মত বিনিময়কালে পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, “মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, এখানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বাগেরহাটকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, পুলিশ বিভাগ থেকে তার সবটুকুই করা হবে।” “শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রైম, অনলাইন জুয়া এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ অপরাধ হিসেবেই দেখবে—তা ভিন্নভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আমি এখানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।”
আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ সমগ্র জেলাবাসীর সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, “একটি নিরাপদ সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের অতন্দ্র প্রহরী ও সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সঠিক তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুরা সবসময় পুলিশকে সহায়তা করবেন বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক ও অপরাধ দমনে জেলা প্রশাসন সবসময় পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের পাশে রয়েছে। তিনি জেলাকে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সামসুল আরেফিন,ডিবির ওসি মো:নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, সাংবাদিক মোল্লা মাসুদুল হক, আলী আকবার টুটুল, এস এস সোহান প্রমুখ।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও প্রশাসনের পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Md.Liton 








