কথা বলার সময় কিংবা হঠাৎ করেই হাত কাঁপার সমস্যায় ভোগেন অনেক রোগীই। কিছুক্ষণের জন্য স্থায়ী এই সমস্যাকে বেশির ভাগ মানুষ তেমন নজরে নেন না। কিন্তু সঠিক সময়ে এর প্রতিকার করা না গেলে এ থেকে হতে পারে আপনার নানান ধরনের শারীরিক জটিলতা।
হাত কাঁপার সঠিক কারণ এখনো নির্ণয় করা না গেলেও গবেষকরা বলছেন, স্নায়বিক অবস্থার ওপরই হাত কাঁপা নির্ভর করে। চিকিৎসকরা জানান, বয়স্কদের পারকিনসন রোগের কারণেও হাত কাঁপার সমস্যা দেখা দিতে পারে।
হাত কাঁপার সমস্যা থেকে নিজেকে বের করে আনতে নিয়মিত তিনটি বিশেষ ব্যায়াম অনুশীলনের কথা বলছেন বিশেষজ্ঞরা। এগুলো হলো রাবার বল ব্যায়াম, হাতের ডাম্বেল ব্যায়াম ও আঙুলের ট্যাপ ব্যায়াম।
রাবার বল ব্যায়ামে একটি রাবার বল যতটা সম্ভব শক্তভাবে চেপে ধরতে চেষ্টা করুন। হাতের কাঁপুনি নিয়ন্ত্রণে এই ব্যায়াম খুবই কার্যকর। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বল চাপলে স্নায়ু সংকুচিত হয়। আর তাতেই হাত কাঁপা রোগ থেকে মুক্তি পেতে পারে রোগী।
হাত কাঁপা রোগ থেকে মুক্তি পেতে হাতের ডাম্পেল ব্যায়ামও করতে পারেন। স্নায়ুর ক্লান্তি ও চাপ দূর করার পাশাপাশি হাতের কম্পন দূর করতেও এই ব্যায়ামটি সমান কার্যকর।
আঙুলের ট্যাপ ব্যায়াম করতে আপনার আঙুল এবং হাতের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত এই ব্যায়ামের অভ্যাসে হাত সক্রিয় থাকে। এর গতি নিয়ন্ত্রণে থাকে। তাই হাত কাঁপার সমস্যা থেকে মুক্তি পেতে আঙুলের ট্যাপ ব্যায়ামও নিয়মিত অনুশীলন করতে পারেন।
সূত্র: নিউজ ১৮ বাংলা
Md.Liton 
















