নিউজ ডেক্স: শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে রোদ-বৃষ্টির মধ্যে বাগানে গাছের নিচে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের নয়টি শ্রেণিকক্ষের জায়গায় রয়েছে মাত্র ৫টি। এজন্য ক্লাস নিতে হয় খোলা আকাশের নিচে।
জানা গেছে, প্রতিদিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করছেন। গাছের নিচে একটি চেয়ারে বসে ক্লাস নিচ্ছেন শিক্ষক। প্রচণ্ড গরমে ঘেমে ভিজে একাকার শিক্ষক-শিক্ষার্থীরা।
একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন বলেন, ‘প্রচণ্ড গরমে আমাদের খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হয়। সরকারের কাছে একটি নতুন ভবন দাবি করছি। তবে সেটা দ্রুত সময়ের মধ্যে হলে আমাদের দুঃখ-কষ্ট লাগব হবে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারজিয়া খাতুন বলেন, ‘খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া একদিকে যেমন কষ্টের, অপরদিকে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ হারায়। বাইরের শব্দের কারণে সঠিকভাবে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব নয়।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মো. ইউসুফ আলী প্রধান বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে ভবনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। একটি ভবন পেলে শিক্ষার্থীদের আর খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, ‘বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে বিবেচনা করা হবে।’ বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
Md.Liton 











