গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি ফারুক খান(৪৫) আদালতে আত্মসমর্পণ
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষককে তার নিজ বাড়ির রান্নাঘরে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি ফারুক খান(৪৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। বিজ্ঞ আদালত সোমবার ওই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনার ৫দিন পরে রবিবার ফারুক খান বাগেরহাট আদালতে আত্মসমর্পণ করেন। গত ২১ জুন মঙ্গলবার বেল ৭টার দিকে মধ্যম তেলিগাতী গ্রামের আব্দুর রহিম খানের ছেলে কৃষক মোকলেসুর রহমান খান(৭০) এর গলাকাটা লাশ পাওয়া যায় তার নিজ ঘর সংলগ্ন রান্নাঘরে। ঘটনার একদিন পরে বুধবার এ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে নিজাম উদ্দিন খান। প্রতিবেশী হাসেম আলী খানের ছেলে ফারুক খান এ মামলার একমাত্র এজাহার নামীয় আসামি।
ফারুক খানের আত্মসমর্পণের খবর শুনে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে আজ আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করে বলে এ কর্মকর্তা জানিয়েছেন। কৃষক মোকলেসুর রহমান হত্যা মামলার আসামি ফারুক খানের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ইতোপূর্বে দুটি হত্যা ও খুলনার লবণচরা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Md.Liton 











