বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের দুবলা শুটকী পল্লীর নাড়িকেল বাড়িয়ার চর থেকে হরিণের মাংসসহ চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা।বুধবার (১৮ জানুয়ারি) তাদের বাগেরহাট জেলা সদরে নিয়ে আসার পর আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শুটঁকি জেলে পল্লীর একটি ঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা জেলেরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার প্রতাবকাঠি গ্রামের আহসান আলী খানের ছেলে সাফায়েত খান, হরিঢালি গ্রামের জরিব গাজীর ছেলে হোসেন আলী গাজী, কড়ইখালী গ্রামের আঃ গফুর গাজীর ছেলে রনোকুল গাজী, নোয়াকাঠি গ্রামের সোহরাব গোলদারের ছেলে খলিলুর রহমান।
নাড়িকেলবাড়িয়া জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরি জানান, শরণখোলা রেঞ্জের জেলে পল্লী নাড়িকেল বাড়িয়ার চরে খুলনার রেজাউল শেখের লাইসেন্সধারি শুঁটকির জেলেরা গোপনে ফাঁদ পেতে একটি হরিণ শিকার করে। শিকার করা হরিণের কিছু মাংস তারা খেয়ে ফেলে এবং কিছু মাংস হলুদ দিয়ে প্রসেসিং করে মাটির নীচে রেখে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনপ্রহরীরা জেলেদের অস্থায়ী শুঁটকি ঘরে তল্লশি চালায়। তল্লাশির এক পর্যায়ে আটককৃত জেলেদের ঘর থেকে মাটি চাপা অবস্থায় সাড়ে ৪ কেজি হরিণের মাংস উদ্ধার করে। এ সময় হরিণ শিকারের অপরাধে ওই ৪ জেলেকে আটক করে বন আইনে মামলা দেয়া হয়।
শরণখোলা রেঞ্জে কর্মকর্তা সামসুল আরেফিন জানান, উদ্ধারকৃত মাংসসহ আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
Md.Liton 











