বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার একটি বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতি করে অর্থ বাণিজ্য করার অভিযোগ উঠেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করে তাদের বিচার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী ওই বিদ্যালয় মাঠে রাস্তায় দাড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে বাণিজ্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ দুর্নীতির বিচার দাবিতে মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবলু মোল্লা বলেন, নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে চারজন কর্মচারী নিয়োগে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান সহ বিদ্যালয়ের সভাপতি জাকির বিশ্বাস ও প্রধান শিক্ষক মোল্লা সিদ্দিকুর রহমান। নিয়োগ বাণিজ্যের পূর্বাভাস পেয়ে উক্ত দুর্নীতি বন্দে নির্দেশনা দিয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা মিয়া, যে কারণে নিয়োগ নিয়ে ওই চক্রটি কয়েকদিন নীরব থাকে। এরপর উপজেলা চেয়ারম্যান ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গেলে মাত্র এক সপ্তাহের মধ্যে তড়িঘড়িকরে এলাকার বাহিরে ফকিরহাট উপজেলায় বসে অবৈধভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন ওই ৩ জন।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাবলু মোল্লা আরো বলেন, উক্ত নিয়োগ বাতিল পূর্বক নতুন করে স্বচ্ছভাবে নিয়োগ দিতে হবে।
এছড়া টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেন তিনি। ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ মোল্লা, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কবির কাজী ও অভিভাবক দুখু কাজীসহ অনেকে বলেন, বিদ্যালয়ের চারটি পদে যথাক্রমে কম্পিউটার অপারেটর মেহেদী হাসান বিশ্বাস, অফিস সহায়ক মাসুম খান, নিরাপত্তা কর্মী শরীফুল ইসলাম ও পরিচ্ছন্নতাকর্মী শেখ বিপুল আহমেদ’কে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিতে তাদের থেকে অর্ধকোটি টাকা নিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমানসহ তিনজন। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের থেকে বোর্ড নির্ধারিত ২০৪০/২১৪০ টাকার পরিবর্তে ৩০০০/৩৮০০ টাকা করে অবৈধভাবে হাতিয়ে নেয়া হয়েছে অভিভাবকরা বলেন।অর্থের বিনিময়ে দেয়া এ নিয়োগ বাতিলসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।
এ বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোল্লা সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানেন না, এছাড়া শিক্ষার্থীদের থেকে এসএসসির ফরম পূরণে বোর্ড নির্ধারিত টাকার সাথে সারা বছরের বেতন নেয়া হয়েছে।
আর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাকির বিশ্বাস বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান ও ডিজির প্রতিনিধি থেকে সঠিক নিয়োগ দিছে। কোন দুর্নীতি করা হয়নি।
নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিষয় অস্বীকার করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বলেন, যথাযথ নিয়মে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
Md.Liton 











