নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট জেলার টেকসই উন্নয়ন, শিক্ষা ও পর্যটন শিল্পের বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বাগেরহাট অফিসার্স ফোরাম’-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আজ রবিবার (২২ মার্চ) ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) দরগাহ সংলগ্ন পর্যটন মোটেলে অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই মিলনমেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফোরামের কোষাধ্যক্ষ ও রাজউকের সদস্য (যুগ্মসচিব) জনাব এরাদুল হক। অনুষ্ঠানের শুরুতে ফোরামের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো.ফরিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
ড. মো. ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বাগেরহাট অফিসার্স ফোরামকে জেলার উন্নয়নের একটি কার্যকর ‘সচিবালয়’ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের জন্মভূমির ঋণ শোধ করতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব জনাব মোহাম্মদ মসিউর রহমান দেশের সামগ্রিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। তিনি জেলার কৃষি ও অবকাঠামো উন্নয়নে খাল পুনঃখনন, স্লইসগেট সংস্কার, টেকসই বাঁধ নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।
ফোরামের সাধারণ সম্পাদক ও বিআরটিএ-র পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. জাকির হোসেন মেধাবী শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা ও সহায়তার আশ্বাস দিয়ে বলেন, “মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের জন্য ফোরাম সক্রিয় ভূমিকা রাখবে।” এছাড়া তিনি সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফোরামের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন জেলাকে মাদক, মৌলবাদ ও জঙ্গিবাদমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাগেরহাটের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব জনাব শেখ সেকেন্দার আলী, সাবেক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ার ইসলাম মল্লিক, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মেজর (অব.) মো. মনিরুজ্জামান এবং বাগেরহাট দুদকের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল,অফিসার্স ফোরামের দপ্তর সম্পাদক হেদায়েত আলী শেখ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, মো. সুজন মোল্লাসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলেই বাগেরহাটের সমৃদ্ধি ও শান্তি কামনায় ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন।
Md.Liton 











