নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে নৌবাহিনী ও কোস্টগার্ড কর্তৃক আটক ভারতীয় ১৩৫ জেলেকে জামিনে মুক্তি দিয়েছে এখানের আদালত। মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা কারাগার থেকে তাদের মুক্তি দিয়ে মোংলা বন্দর থেকে তাদের পুশব্যাকের ব্যবস্থা করা হয়।
বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা জানান, ভারতীয় সহকারী হাই কমিশনার মি. ইন্দ্রজিৎ সাগর ও বাগেরহাট জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের উপস্থিতিতে কারাগার সম্মুখ থেকে তিনটি যাত্রীবাহী বাসে করে মুক্তি পাওয়া এ জেলেদের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গতঃ ২৯ জুন ৬৮ জন এবং ৩০ জুন ২০২২ তারিখে ৬৭ জন ভারতীয় জেলে বাংলাদেশ জল সীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারকালে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের আটক করেছিলেন। মুক্তিপাওয়া ভারতীয় এ জেলেদের মঙ্গলবার বিকেলে মোংলা থানায় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিশেষ ব্যবস্থায় নৌপথে ভারতীয় জলসীমায় পুশব্যাক করা হয় বলে জানান মোংলা থানার ওসি মনিরুল ইসলাম।
Md.Liton 











