বাগেরহাট প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা, রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) ও দাফনে বাধা প্রদানের জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাগেরহাট জেলার ৯টি উপজেলার বীর মুক্তিযোদ্ধারা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা ইউনিটের আহ্বায়ক এম আফজাল হুসাইন, যুগ্ম আহ্বায়ক বিশ্বাজিৎ কুমার মণ্ডল, সদস্য সচিব মোঃ একরামুল কবির এবং বীর মুক্তিযোদ্ধা মহব্বৎ হোসেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। একজন বীর মুক্তিযোদ্ধার অন্তিম যাত্রায় জানাজা, দাফন এবং রাষ্ট্রের পক্ষ থেকে প্রদেয় ‘গার্ড অব অনার’-এ বাধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সমগ্র মুক্তিযোদ্ধা সমাজ তথা মুক্তিযুদ্ধের চেতনার ওপর বড় আঘাত। বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানকারী অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Md.Liton 








