মোংলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ জুলাই) সকালে সোনাতলা গ্রামের মাহবুব আকনের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটি দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট ক্যাম্প এলাকার বনে অবমুক্ত করা হয়। স্থানীয়রা জানান, পাতিহাঁসের পালে আক্রমণ করে ক্ষুধার্ত অজগরটি। একটি হাঁস ধরেও ফেলে। সাপ দেখে দলের অন্য হাঁসগুলো অস্বাভাবিক ডাকাডাকি ও ছোটাছুটি করতে থাকে। এ অবস্থায় বাড়ির লোকজন ছুটে এসে দেখেন উঠানে বিশাল অজগর একটি হাঁসকে গ্রাস করছে। মাহবুব আকন কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) দলনেতা শহিদুল ইসলাম সাচ্চুকে ফোন করে বিষয়টি জানান। পরে সিপিজির ওই দলনেতাসহ অন্য সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, সোনাতলা গ্রামের মাহবুব আকনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির উঠানে কয়েকটি হাঁস বিচরণ করছিল। সেখান থেকে একটি হাঁস ধরে খেয়ে ফেলে অজগরটি। খবর পেয়ে সিপিজির সদস্যরা গিয়ে সাপটি উদ্ধার করেন। অজগরটি ১০ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি। পরে সেটি ভোলা ফরেস্ট ক্যাম্প এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।
Md.Liton 











