নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পর গলায় ফাঁস দিয়ে বর্ষা মজুমদার (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বর্ষা মজুমদার বাগেরহাট বালিকা বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল এবং সে দিলিপ মজুমদারের কন্যা। তাদের পরিবার রেলরোড এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর কোনো এক সময়ে সকলের অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় বর্ষা। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে মায়ের সাথে কিছুটা মনোমালিন্য ও বকাঝকার পর অভিমানে সে এই চরম পথ বেছে নিতে পারে।
ঘটনার পর এলাকায় ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
Md.Liton 








