বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনের জাপসি নদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ মারার বিষ, ৪টি জাল, ৫টি ইঞ্জিনবিহীন কাঠের নৌকা, বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ ও ৫টি টর্চলাইট জব্দ করা হয়। শুক্রবার (৮ এপ্রিল) সকালে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোসতাক আহমেদ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম বৈদ্য, মো. শফিকুল ইসলাম বৈদ্য, মো. জাকির হোসেন, মো. খায়রুল মোড়ল, আ. সালাম গাজী, মো. বাচ্চু সানা, মো. আবু সাইদ সরদার, মো. নাজমুল সরদার, মো. আবুল হোসেন গাজী, শাহজাহান শেখ, মো. সালাম সানা ও ইকরামুল সরদার।
Md.Liton 











