আমার ডেস্ক:‘শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই স্কুলে যাই’ এক সময়ের পরিচিত স্লোগান যেন আবার সামনে আনলেন হাসিনা খাতুন (৫১)। পঞ্চাশের চেয়েও বেশি বয়সে তিনি লেখাপড়া করছেন। বর্তমানে আছেন ৫ম শ্রেণিতে।শিক্ষিত হওয়ার আশায় এই বয়সে স্কুলে যাওয়া হাসিনা খাতুনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামে। জীবনের প্রায় শেষ বয়সেও শিক্ষার আলোয় আলোকিত হতে চান তিনি।
জানা যায়, ছোটবেলায় স্কুলে যাওয়া হয়নি হাসিনা খাতুনের। অভাবের কারণে দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে হয়। সংসারের বেড়াজালে আটকে যায় জীবন। সেই থেকে সংসার ছেলেমেয়ে নিয়ে হাসিনার ব্যস্ততম জীবন। তার সংসারে স্বামী এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের বিয়ে দিয়েছেন। নিজে লেখাপড়া না জানলেও ছেলেকে বানিয়েছেন গ্র্যাজুয়েট।
হাসিনা খাতুন এখন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ৫ম শ্রেণিতে মোট ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল ২৭। বাড়ির কাজ শেষ করে প্রতিদিনই স্কুলে আসেন হাসিনা খাতুন। লেখাপড়ায়ও খুব মনোযোগী তিনি। তার সঙ্গে পড়া সহপাঠীরাও খুব খুশি তাকে পেয়ে।
হাসিনা বেগম জানান, তার ইচ্ছা ছিল সে লেখাপড়া করবেন। এই বয়সে চাকরি কিংবা অন্য কোনো কারণে তিনি লেখাপড়া করতে চান তা নয়। জ্ঞানার্জন করায় তার আকাঙ্ক্ষা। কিন্তু সময়-সুযোগ আর হয়ে উঠছিল না হাসিনা খাতুনের। পাশের বাড়ির এক পুত্রবধূর কাছে পরামর্শ করে ভর্তি হয়ে যান প্রাইমারি স্কুলে। তার লেখাপড়া করার ইচ্ছা দেখে শিক্ষকরা ভর্তি করে নেন তাকে।
হাসিনা খাতুনের এক সহপাঠী জানান, প্রথম শ্রেণি থেকেই তাদের সঙ্গে হাসিনা দাদি পড়েন। একসঙ্গে ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করছে সে। তার সাথে মিশতে ভালোই লাগে।
ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা বেগম জানান, এই বয়সে স্কুলে ভর্তি হয়ে নিয়মিত ছাত্রী হওয়া সত্যিই বিরল। হাসিনা খাতুনের লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ। আগ্রহ দেখেই তাকে ভর্তি নিয়েছি। সংসার সামলে নিয়মিত স্কুলে আসেন তিনি। শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছেন।
Md.Liton 











