বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাগেরহাট প্রেসক্লাব। শনিবার (১৬ মে) রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী পুলিশ সুপারের দায়িত্বকালীন নানা ইতিবাচক কর্মকাণ্ড, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্মৃতি চারণ করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন—সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক মো: ইয়ামিন,এছাড়াও জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বাগেরহাটে দায়িত্ব পালনকালে অত্যন্ত পেশাদারিত্ব, সততা ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাংবাদিক নেতারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদায়ী পুলিশ সুপার সবসময় সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন। তাঁর এই বদলি বাগেরহাটবাসীর জন্য এক ধরনের শূন্যতা তৈরি করলেও, নতুন কর্মস্থলেও তিনি তাঁর মেধা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সংবর্ধনার জবাবে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বাগেরহাটে কর্মকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “এখানে দায়িত্ব পালনকালে সাংবাদিক, জেলা প্রশাসন ও সাধারণ মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছি, তা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।” বাগেরহাটের মানুষের এই ভালোবাসা ও আন্তরিকতা তাঁর আগামী কর্মজীবনের পথচলায় এক বিশাল প্রেরণা হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
Md.Liton 











