বাগেরহাট প্রতিনিধি:দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধান এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১২টায় বাগেরহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণমিছিল সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং আঞ্চলিক উন্নয়নসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো সামনে রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে। জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ঢাকা থেকে শুরু হওয়া এ গণমিছিল খুলনা,যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে অগ্রসর হবে। কর্মসূচির মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন-সংকট এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান বক্তারা।
বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বিশ্ব ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, গণমিছিলের পথপরিক্রমায় বাগেরহাট একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। এ কর্মসূচিকে সফল করতে জেলার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ , বাগেরহাট ১ আসনের এমপি অধ্যক্ষ মশিউর রহমান, এনসিপির সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, জেলার সেক্রেটারি মো. ইউনুস আলী,বাংলাদেশ জামাত ইসলামীর জেলার সহ সেক্রেটারি মোঃ মোস্তাইন বিল্লাহ, বাগেরহাট জেলা ইমাম সমিতি সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
বক্তারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচি সফল হবে এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আরও গতিশীল হবে।
Md.Liton 








