স্টাফ রিপোটার,বাগেরহাট:রাজধানীর মিরপুরে দাম্পত্য কলহের জের ধরে এক ব্যক্তি তার স্ত্রীকে ছুরি মেরে হত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাথী আক্তার (২৪) নামে ওই নারীকে মিরপুরের ইসলামিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার স্বামী আবদুল হান্নানকে গ্রেফতার করে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, ওই দম্পতির বাড়ি বাগেরহাটে। সেখানেই তারা থাকেন। তিন দিন আগে স্বামীর সঙ্গে রাগে করে ঢাকায় চলে আসেন সাথী, ওঠেন মিরপুর ৭ নম্বরের একটি বাসায়। আবদুল হান্নানও তার খোঁজে ঢাকায় আসেন। রাতে মিরপুর-৭ নম্বরের রাস্তায় সাথীর সঙ্গে তার দেখা হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে হান্নান উপর্যুপরি ছুরি মারেন সাথীকে।
এসআই জিয়া বলেন, ছুরি হান্নানের সঙ্গে ছিলো। পথচারীরা সাথীকে হাসপাতালে নিয়ে গেলেও তার আগেই তার মৃত্যু হয়।
সাথীর মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মার্গে পাঠানো হয়েছে। গ্রামের বাড়িতে সাথীর একটি ছেলে রয়েছে বলে জানান এসআই জিয়া
Md.Liton 











