বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, নারীমুক্তি, মানবমুক্তি এবং গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বাগেরহাট জেলা শাখা। আজ ২০ জুন ২০২৬, শনিবার, বিকেল ৪টায় মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা কার্যালয়ে এই আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।

মূল প্রতিপাদ্য ও আলোচনা
এবারের জন্মবার্ষিকীর আলোচনার মূল বিষয় ছিল— ‘নারীর প্রতি বিরাজমান ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা নিরসনে সুফিয়া কামালের আলোয় পথচলা’। মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সহসভাপতি জাহানারা খাতুন-এর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন-এর নেতৃত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হেনা চৌধুরী।
বক্তব্য ও উপস্থিতি
আলোচনা সভায় কবি সুফিয়া কামালের জীবন, আদর্শ এবং নারী জাগরণে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য প্রদান করেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন,উপপরিষদ সম্পাদক নাদিরা আকরাম,নার্গিস আক্তার লুনা ,প্রভাষক, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ, মাধুরী বিশ্বাস, অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট, পিটিআই, ফারজানা জামান রুমা ও রাবেয়া সুলতানা লিয়া,নারী উদ্যোক্তা,আবিদা সুলতানা ললি, টুম্পা আক্তার মিম,ছহিফা আক্তার,হাবিবা আক্তার মিমি,সুমনা, খান লুচি ও তুহিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীর প্রতি যে ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা বিরাজমান, তা নিরসনে কবি সুফিয়া কামালের আদর্শ ও চেতনা আজও আমাদের পথ দেখায়। তাঁর দেখানো অসাম্প্রদায়িক ও সাম্যের আলোকেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।
আলোচনা সভা শেষে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Md.Liton 











