বাগেরহাট প্রতিনিধি:দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং এর পুষ্টিগুণ সম্পর্কে সর্বস্তরে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস এম শামসুর রহমানসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
উৎসবে বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং ওষুধি ও পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে ফাস্টফুড বা কৃত্রিম খাবারের মোহ থেকে বের করে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে তারা দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় ২৫ প্রজাতির দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ নানা মৌসুমি ফলের সমাহারে উৎসবটি মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।
ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ আগামীতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
Md.Liton 











