বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামে একই পরিবারের ৩ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে ৩টি লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩টি লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ২ থেকে ৩ দিন আগে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
একই পরিবারের ৩সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ৩টি লাশ উদ্ধার করে মঙ্গলবার সন্ধায় ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন, কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাদের ছেলে আহাদ হাওলাদার (২৫) ও নিহত মনিরা বেগমের বৃদ্ধা মা রাশিদা বেগম (৯০)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী কয়েকজন নারী ওই বাড়িতে গিয়ে বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করে। পরে তারা ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের লাশ দেখতে পায়। এ ঘটনায় তারা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ৩টি লাশ ঘর ও বারান্দায় পড়ে থাকতে দেখে কচুয়া থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩টি লাশ উদ্ধার কওে হাসপাতাল মর্গে প্রেরন করেছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ জানান, ৩টি লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। লাশে পচনও ধরেছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। একই পরিবারের তিনজনকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক বিভাগ তদন্ত শুরু করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
Md.Liton 











