বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জে বাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জের ধরে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় উভয় পক্ষের আরো পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। আহতদের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শাহিনুর বেগম (৪৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন জানান, গুয়াতলা গ্রামের জাকির তালকুদারের সাথে তাঁর চাচাতো ভাই ফেরদৌস তালুকদারের সাথে বাড়িতে প্রবেশের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি নিয়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
এসময় নারীসহ উভয় পক্ষের কমবেশি ছয়জন আহত হয়। আহতের মধ্যে শাহিনুর বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার পর জড়িতরা পালিয়ে গেছে। হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Md.Liton 











