বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর এলাকায় জোরপূর্বক চলাচলের পথ বন্ধ করে জমি দখল এবং পরিবারের ওপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: ইসমাইল মীনা। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল মীনা জানান, রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিগত দিনের নির্যাতন ও লাশ দাফনে বাধা
লিখিত বক্তব্যে ইসমাইল মীনা অভিযোগ করেন, তার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা এবং বেমরতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। ২০১৭ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা শীপন মিনা, মুনু মিনা, মেহেদী হাসান, রুহুল মিনা, মোস্ত মিনা, মাসুদ মিনা, দোকানদার মোস্ত মিনা এবং শাহীন মিনাসহ একদল লোক তার পিতাকে পিটিয়ে হত্যা করে বাড়িতে রেখে যায়। পরবর্তীতে তার পিতার জানাজা ও দাফনেও বাধা দেওয়া হয়। “জানাজায় উপস্থিত শতাধিক মানুষ অনুরোধ করা সত্ত্বেও তারা আমার ক্রয়কৃত সম্পত্তিতে পিতার লাশ দাফন করতে দেয়নি। উল্টো আমাকে মারধর করে দুটি দাঁত ভেঙে ফেলে। বাধ্য হয়ে অন্যের জমিতে আমার বাবার লাশ দাফন করতে হয়েছিল।”
ইসমাইল মীনা জানান, তিনি বর্তমান বৈষম্যবিরোধী মামলার একজন বাদী এবং বেমরতা ইউনিয়নের আগামী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসন্ন ঈদ উপলক্ষে পোস্টার লাগানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এই খবর জানতে পেরে অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা পুনরায় ক্ষিপ্ত হয়ে তার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেয় এবং সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এ বিষয়ে মীমাংসার জন্য অভিযুক্ত শীপন মীনার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান।
প্রশাসনের ভূমিকা ও অসহায়ত্ব
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও উল্লেখ করেন, বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ার পর তিনি জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করেন। তাদের পরামর্শে সদর থানায় লিখিত আবেদন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়ে চলে আসে এবং তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
বর্তমানে ইসমাইল মীনার পরিবারের বৃদ্ধ ও শিশুরা বাড়ি থেকে বের হতে পারছে না। মৌলিক ও নাগরিক অধিকার ফিরে পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
Md.Liton 











