বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলা রেজিস্ট্রি অফিসের সহকারী রেকর্ড কিপার এম.এম. মেহফুজুর রহমান মুন্নার বিরুদ্ধে ঘুষ, অনৈতিক কর্মকাণ্ড ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী শারমিন সুলতানা। একই সাথে গোয়েন্দা পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে স্বামীর পক্ষ নিয়ে প্রভাব খাটানো ও হয়রানির অভিযোগও করেছেন তিনি।আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে শারমিন সুলতানা নিজেকে বাগেরহাটের সরুই আমলাপাড়ার বাসিন্দা, শিক্ষানবীশ আইনজীবী ও গৃহিণী হিসেবে পরিচয় দেন।
লিখিত বক্তব্যে শারমিন সুলতানা দাবি করেন, ২০০৫ সালে এম.এম. মেহফুজুর রহমান মুন্নার সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। চাকরিতে যোগদানের পর থেকে তার স্বামী ঘুষের অর্থের প্রভাবে নেশা ও বিভিন্ন নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য এবং স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তার মোবাইল ফোন ট্র্যাকিং, ই-মেইল ও ফেসবুক আইডি হ্যাক করার পাশাপাশি সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। স্বামীর এসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিলেও প্রভাবশালী মহলের নানামুখী চাপের কারণে তিনি কোনো প্রতিকার পাননি। উল্টো দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকির মুখে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, চাকরিতে যোগদানের পর তার স্বামী ঘুষের অর্থের প্রভাবে নেশা ও বিভিন্ন নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। এ বিষয়ে প্রতিবাদ করলে দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনের শেষভাগে শারমিন সুলতানা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে তার উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সাথে তিনি ও তার সন্তানদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে শারমিন সুলতানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত এস এম মাহফুজুর রহমান মুন্না মুঠোফোনে সাংবাদিকদের জানান এ সকল অভিযোগ মিথ্যা ভুয়া ভিত্তিহীন।
Md.Liton 











