বাগেরহাট প্রতিনিধি:অল্পের জন্য রক্ষা পেল বাগেরহাট আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালতের তিন তলা ভবনের নিচতলার বারান্দার আট থেকে নয় ফুট জুড়ে পলেস্তারা হঠাৎ খসে পড়ে।
অল্পের জন্য রক্ষা পেল বাগেরহাট আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা। বিকট শব্দে আশপাশে থাকা আদালতের কর্মকর্তা-কর্মচারীরা ছুটে আসেন। এ ঘটনায় ভীতি ছড়িয়ে পড়েছে ভবনজুড়ে। ঘটনাস্থলের পাশেই রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা জজ আদালতের ইংলিশ শাখা, নেজারত শাখা ও হাজতখানা।
আদালত সংশ্লিষ্টরা বলছেন আদালত চলাকালীন ভেঙে পড়া স্থানে শতাধিক মানুষের আনাগোনা থাকে। কিছু সময় পরে এটি ভেঙে পড়লে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
আদালতের কচুয়া কোটের সেরেস্তাদার মিজানুর রহমান মুকুল বলেন, ‘সকাল সাড়ে আটটায় কক্ষে প্রবেশ করতেই হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। ঘুরে দেখি ছাদের বিশাল আকার জায়গাজুড়ে পলেস্তারা খসে পড়েছে। আশপাশেও অনেক জায়গার পলেস্তারায় ফাটল দেখা দিয়েছে। যদি কিছুক্ষণ পরে এ ঘটনা ঘটতো তাহলে বড় ক্ষতি হয়ে যেত।’
আইনজীবী মিজানুর রহমান বলেন, ‘আদালত চলাকালীন এক থেকে দেড়শ বিচারপ্রার্থী এখানে থাকেন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা জজ আদালতের ইংলিশ শাখা, নেজারত শাখা, হাজতখানা ও রেকর্ড রুমের সেবাপ্রত্যাশীরা এ পথে চলাচল করেন। ভাগ্যক্রমে সবাই রক্ষা পেয়েছে। আমরা দ্রুত ভবন সংস্কারের দাবি জানাই।’
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘পলেস্তারা খসে পড়ার পর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
Md.Liton 











