স্টাফ রিপোটার,বাগেরহাট: মোংলার সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের কামড় ও থাবা খেয়েও প্রাণে বেঁচে গেছেন জেলে আবু সালেহ আকন (৪৫)। বাঘের আক্রমণে শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সালেহ। এদিকে বাঘের আক্রমণের মুখ থেকে জীবন নিয়ে ফিরে আসা ওই জেলেকে দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ে অনেকটা বেকায়দায় পড়েছেন কর্তৃপক্ষ।

বাঘের আক্রমণের শিকার জেলে আবু সালেহ আকন ও প্রত্যক্ষদর্শী সঙ্গী মো. হানিফ জানিয়েছেন, রোববার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে মোংলার সুন্দরবন ইউনিয়নের দক্ষিণ বাজিকরখন্ড গ্রামের জেলে আবু সালেহ আকন ও মো. হানিফ সুন্দরবনের জিউধরা এলাকার শুয়ারমারা খালে চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ আক্রমণ করে সালেহের ওপর। পিছন থেকে বাঘটি সালেহের ডান ও বাম হাতে একটি করে কামড়, বাম ঘাড়ে ও পিঠে ৬টি থাবা দিয়ে এবং আচড়ে জখম করে। বাঘের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সালেহ খালে লাফিয়ে পড়ে ডাক চিৎকার শুরু করলে বাঘটি সেখান থেকে বনের গহীনে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে দূরে থাকা সালেহের সঙ্গী হানিফ ও সালেহের চাচাতো ভাই আসাদুল সরদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন স্বর্ণ বলেন, সালেহের শরীরের বিভিন্ন জায়গায় ৭টি কামড়, থাবা ও আঁচড়ের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে স্থানীয় ইউপি মেম্বার (সংরক্ষিত) মাসুমা বেগম বলেন, সালেহ একজন পেশাদার জেলে। বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে গেলে বাঘের আক্রমণের শিকার হয়েছেন সালেহ। সালেহের সাহস থাকায় বাঘের সঙ্গেধস্তাধস্তি করে প্রাণে বেঁচে এসেছেন।
Md.Liton 











