বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা আজমেরি মুন তার আপন ছোট ভাই মোস্তাছিম বিল্লা মুরাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন, সম্পত্তি দখল, ভাংচুর, প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন। রোববার (২৫ মে ২০২৬) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈতৃক সূত্রে পাওয়া ৯ শতক ৪ লিংক জমি নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই মোস্তাছিম বিল্লা মুরাদ দীর্ঘদিন ধরে তার ওপর নানা ধরনের অত্যাচার চালিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, বিবাদী মুরাদ মনে করে মেয়েরা বিয়ের পর বাবা-মায়ের সম্পত্তির অংশ পায় না এবং সেই মানসিকতা থেকেই তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
তিনি জানান, তার নামে থাকা জমির দলিল, মিউটেশন ও ২০২৮ সাল পর্যন্ত খাজনা পরিশোধের কাগজপত্র রয়েছে। একই দাগ ও খতিয়ানের জমি মুরাদ একাধিকবার বিক্রি করলেও তাকে কোনো টাকা দেওয়া হয়নি। বরং তাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য ঘর ভাংচুর, মারধর এবং বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে।
লিখিত বক্তব্যে আজমেরি মুন বলেন, তার ঘরের জানালা ও দরজা দিয়ে ইট-পাথর, বালি, পানি, এমনকি বেলুনে ভরে পেশাব ও মল নিক্ষেপ করা হয়েছে। গভীর রাতে দরজা-জানালায় আঘাত করা, বিদ্যুতের তার কেটে দেওয়া, পানির লাইন বিচ্ছিন্ন করা এবং আতশবাজি ফোটানোর মতো ঘটনাও ঘটেছে। এছাড়া তার ঘরে থাকা স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগও করেন তিনি।
তিনি আরও বলেন, এসব ঘটনার ভিডিও ফুটেজ ও বিভিন্ন প্রমাণ তার কাছে রয়েছে। ৬ মে ২০২৬ তারিখে বাগেরহাট সদর থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাংচুর ও নির্যাতন বন্ধের নির্দেশ দিলেও অভিযুক্ত তা মানেনি। এমনকি ১৪৪ ধারার নিষেধাজ্ঞাও অমান্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আজমেরি মুন জানান, পরবর্তীতে ১৭ মে ২০২৬ তারিখে আদালতে মামলা দায়ের করলে দুই দিন পর আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। কিন্তু এখনো অভিযুক্ত প্রকাশ্যে এলাকায় অবস্থান করছে এবং তাকে প্রাণনাশ ও গুমের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তার মা, বড় ভাই এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দীর্ঘ ২১ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে মুরাদ। এ ঘটনায় অতীতে একাধিক মামলা, জিডি ও আদালতের নির্দেশনা থাকলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।
বিদেশে থাকা স্বামী ও ছোট সন্তানদের নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে আজমেরি মুন সরকারের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মুরাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
Md.Liton 











