বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ২০২৫-২০২৬ অর্থ বছরের সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা মিলে মোট ৩২টি সংগঠনের অনুকূলে ৫ লাখ ৬৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক জনাব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মেসবাহউদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও সকল উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সম্পাদকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মেসবাহউদ্দিন বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের সামাজিক সুরক্ষায় স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই অনুদান সমিতিগুলোর কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে নারী উন্নয়নে আরও গতিশীলতা আনবে। অনুদানের টাকার সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে বাগেরহাটের নারীদের স্বাবলম্বী করতে সমিতিগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন সমিতির সভানেত্রীবৃন্দ উপস্থিত থেকে তাঁদের কাজের অভিজ্ঞতা এবং বর্তমান কর্মসূচি শেয়ার করেন। এর মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট সদরের ভৈরব মহিলা উন্নয়ন সমিতি ও অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সমিতি, কচুয়ার রাড়িপাড়া মহিলা উন্নয়ন সমিতি, ফকিরহাটের আস্থা মহিলা সমিতি এবং চিতলমারী উপজেলার সবুজ বাংলা মহিলা উন্নয়ন সমিতির সভাপতিগণ।
অনুষ্ঠান শেষে ৩২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রীদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিগণ।
Md.Liton 









