আমার ডেক্স:ইংলিশ প্রিমিয়ার লীগের সবেচেয় দামি ক্লাবের মর্যাদা ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। খেলাধুলার আর্থিক বিষয়াদি ও ব্যবসা-বাণিজ্যের সমীক্ষা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’ সামপ্রতিক জরিপে এ তথ্য প্রকাশ করেছে। ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড অনেকদিন ধরেই সবচেয়ে দামি ক্লাব এবং এবারও মুকুটটি ধরে রাখলো প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন ক্লাবটি। স্পোর্টিকোর হিসাব অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের দাম ৪.৮ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ হাজার ৯১১ কোটি টাকা)। মাঠে সেভাবে ভালো করতে না পারলেও মাত্র ২ বছরের মধ্যে ২৮ শতাংশ দাম বেড়েছে ইংলিশ প্রিমিয়ার লীগে সবচেয়ে সফল ক্লাবটির। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। অলরেড ক্লাবটি ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১ বিলিয়ন পাউন্ড পিছিয়ে। লিভারপুলের দাম ৩.৮ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ হাজার ৮০৪ কোটি টাকা)। সমীক্ষায় ৩.৫ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৮৭২ কোটি টাকা) দাম নিয়ে তৃতীয় ম্যানচেস্টার সিটি। তালিকার চতুর্থ স্থানে আর্সেনাল (২.৯ বিলিয়ন পাউন্ড) ও পঞ্চম চেলসি (২.৮ বিলিয়ন পাউন্ড)।
তালিকায় চমক নিউক্যাসল ইউনাইটেড। ২০২১ সালের অক্টোবরে সৌদি কনসোর্টিয়ামের অধীনে চলে আসা ক্লাবটির দাম বেড়েছে সবচেয়ে বেশি। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৬৩ শতাংশ দাম বেড়েছে নিউক্যাসলের। ৩৫ কোটি ৭০ লাখ পাউন্ড দাম নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ব্রিটেনের সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’ জানিয়েছে, ৬ বিলিয়ন পাউন্ড থেকে ৮ বিলিয়ন পাউন্ডের মধ্যে দাম পেলে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব বেচে দিতে পারে এর মার্কিন স্বত্ত্বাধিকারী গ্লেজার পরিবার। ব্রিটিশ বিলিয়নিয়ার স্যার জিম র্যাটক্লিফ এর আগে ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেন। ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির সম্ভাবনা নিয়ে গত মাসে আভরাম গ্লেজার সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি একটি প্রক্রিয়া এবং আমরা সেটাই মেনে চলছি। দেখা যাক সামনে কী হয়। আপাতত বলতে পারি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’-এর রিপোর্টো বলা হয়, মাঠে তেমন ভালো করতে না পারলেও বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে বাকিদের চেয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এ কারণেই দামে বাকিদের টেক্কা দিয়েছে তিনবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবটি। বিশ্বব্যাপী ক্লাবটির ১০০ কোটির বেশি সমর্থক রয়েছে।
Md.Liton 











