বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ কুখ্যাত মাদক সম্রাট মনির শেখ ওরফে মনি শেখ এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ২ জুলাই (বৃহস্পতিবার) ভোর রাত ০৩:৩০ ঘটিকায় জেলার ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রধান আসামি মনির শেখ ওরফে মনি শেখ (৪৭) ফকিরহাট থানার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই ২৬টি মাদক মামলা এবং ১টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে গ্রেফতারকৃত অন্য সহযোগীরা হলেন, মোঃ সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), পিতা- মৃত নেয়ামত হাওলাদার (মঠবাড়িয়া, পিরোজপুর),মোঃ হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭), পিতা- কাওসার মোল্লা (আট্টাকী, ফকিরহাট),তৌহিদুল ইসলাম শেখ ওরফে তামিম (২০), পিতা- শেখ ফেরদৌস (সুন্দরঘোনা, বাগেরহাট সদর) অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে ৪,০১৫ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭১,৯২০/- (একাত্তর হাজার নয়শত বিশ) টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা:
পুলিশ সুপার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মালামালসহ আসামিদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গত মাত্র ৭ দিনে ডিবি পুলিশের বিশেষ অভিযানে জেলাজুড়ে মোট ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির পক্ষ থেকে এই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে মাদক কারবারিদের নির্মূল করতে সাধারণ জনগণকে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
Md.Liton 











