বাগেরহাট প্রতিনিধি:বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর রোমাঞ্চ এবার বাগেরহাটবাসী উপভোগ করতে পারবেন উৎসবমুখর পরিবেশে, বিশাল পর্দায়। ফুটবলপ্রেমীদের এই আনন্দ ও উন্মাদনাকে দ্বিগুণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিট।
বাগেরহাটের প্রাণকেন্দ্র ‘স্বাধীনতা উদ্যান’-এ ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকরা জানান, খেলা দেখতে আসা দর্শকদের আরামদায়কভাবে উপভোগের জন্য ভেন্যুতে পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। যেন ফুটবলপ্রেমীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে খেলা দেখতে পারেন।
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল বলেন, “ফুটবল বিশ্বকাপ মানেই এক অন্যরকম আবেগ। সবাই মিলে একসাথে খেলা দেখার আনন্দই আলাদা। আমরা চেষ্টা করেছি বাগেরহাটের আপামর জনসাধারণ, বিশেষ করে যুবসমাজ যেন সুন্দর ও নিরাপদ পরিবেশে পরিবারের সদস্য, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে খেলা উপভোগ করতে পারেন।”
আয়োজকদের পক্ষ থেকে জেলার সকল ফুটবলপ্রেমীকে পরিবার ও বন্ধুদের নিয়ে স্বাধীনতা উদ্যানে এসে যৌথভাবে বিশ্বকাপের এই বৈশ্বিক উৎসব ও রোমাঞ্চ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
Md.Liton 











